বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে বাঙালির সংগীতজগতে নিজস্ব এক অনন্য অবস্থান তৈরি করে আসছেন। ধ্রুপদি, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গান ও চলচ্চিত্রের প্লেব্যাকে তিনি রেখে গেছেন সমৃদ্ধ অবদান।
সব পরিচয়ের বাইরে প্রজন্মের পর প্রজন্মের কাছে তিনি বেশি পরিচিত এক ভালোবাসার নাম—‘খালামণি’ হিসেবে।
১৯৪১ সালের ২৮ জুন পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম নেওয়া এই গুণী শিল্পী আজ ৮৬ বছরে পা রেখেছেন।
জানা যায়, ১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উদ্বোধনী অনুষ্ঠানে কণ্ঠ দেওয়ার পর থেকেই তার সঙ্গে নতুন এক অধ্যায়ের সূচনা হয়। পরবর্তীতে শিশুদের সংগীতভিত্তিক অনুষ্ঠান ‘এসো গান শিখি’-তে অংশ নেওয়ার সময় শিশুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তখনই তিনি নিজেই সিদ্ধান্ত নেন, শিশুরা তাকে ‘খালামণি’ বলে ডাকবে—যা পরবর্তীতে জনমনে গভীরভাবে গেঁথে যায়।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে স্বাধীনতা পদক, একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাসহ বহু আন্তর্জাতিক স্বীকৃতি