বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচিত ‘সির সির’ গানের পর এবার নতুন গান ‘চ্যাম্পিয়নস (ফি কোল মাকান)’ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, সংগীত পরিচালক ও প্রযোজক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি।
গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে বাংলাদেশ, তানজানিয়া এবং বিভিন্ন দেশের শ্রোতারা গানটির সুর, সংগীতায়োজন ও দৃষ্টিনন্দন দৃশ্যায়নের প্রশংসা করে মন্তব্য করছেন।
‘চ্যাম্পিয়নস (ফি কোল মাকান)’ মূলত বিজয়, উদ্যাপন এবং আত্মবিশ্বাসের বার্তা বহন করে। নির্মাতাদের ভাষ্য, এটি বিশ্বের সব বিজয়ী ও স্বপ্নজয়ী মানুষের জন্য এক অনন্য বিজয়গাথা—‘দ্য ভিক্টরি অ্যান্থেম ফর দ্য ওয়ার্ল্ড’।
গানটির কথা, সুর, সংগীত পরিচালনা ও প্রযোজনা করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে গানটির কাজ চলেছে। বিশ্বকাপের আবহে গানটি প্রকাশের পরিকল্পনা ছিল শুরু থেকেই। এতে নোরা ফাতেহির সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় তানজানিয়ান শিল্পী রায়ভানি।
জানা গেছে, পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারের মনোমুগ্ধকর সমুদ্রতীরবর্তী প্রাকৃতিক পরিবেশে মাত্র এক দিনেই গানটির শুটিং সম্পন্ন করা হয়েছে। বিশ্বের সব চ্যাম্পিয়ন ও বিজয়ীদের উদ্যাপন করতেই গানটি নির্মাণ করা হয়েছে।
‘চ্যাম্পিয়নস (ফি কোল মাকান)’ বর্তমানে ইউটিউবের পাশাপাশি জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়েও শোনা যাচ্ছে।