ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ প্রসঙ্গে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। তবে ভবিষ্যতে সঠিক মানুষ পেলে বিয়ে করার সিদ্ধান্ত নেবেন।
এর আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও তা উড়িয়ে দিয়ে তটিনী একাধিকবার জানিয়েছেন, তারা শুধু ভালো বন্ধু। এ প্রসঙ্গে তিনি বলেন, “তিনি আমার খুব ভালো বন্ধু। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে রাখতাম। এ নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।”
বিয়ে প্রসঙ্গে তটিনী বলেন, তিনি এমন জীবনসঙ্গী চান, যিনি তাকে, তার পরিবারকে এবং তার পেশাকে সম্মান করবেন। তার ভাষায়, “আমি বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে, আমার প্রফেশনকে এবং আমার ফ্যামিলিকে সম্মান দেবে ও ভালোবাসবে। জীবনে শুধু ভালোবাসা নয়, ভালো রাখার মানুষও দরকার। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে বিয়ে করব।”
বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তটিনী। সম্প্রতি পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পী নির্মিত নাটক “সুতরাং”-এ অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে তিনি বেশ সাড়া ফেলেছেন।