সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। নিজের অভিনীত চলচ্চিত্রটি দেখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পর্দায় বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন এবং গল্পের আবেগঘন মুহূর্তগুলো দেখে নিজের বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিল খুঁজে পান তিনি। প্রদর্শনী শেষে দর্শক ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি ফেলেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রে মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়েও আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বিশেষ প্রদর্শনীতে উপস্থিত অতিথিরা চলচ্চিত্রটির গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের প্রশংসা করেন। বিদ্যা সিনহা মিম ও রেজওয়ান পারভেজ–এর অভিনয়ের পাশাপাশি বিশেষভাবে আলোচনায় আসে আ খ ম হাসান–এর অভিনয়।
দীর্ঘদিন ধরে নাটক ও ইউটিউবের মাধ্যমে জনপ্রিয় হলেও ওটিটিতে তুলনামূলক কম দেখা যাওয়ার প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, “এটা পরিচালকরা ভালো বলতে পারবেন। আমি একজন অভিনেতা, যেখানে কাজ করার সুযোগ পাই সেখানেই কাজ করি।”
তিনি আরও বলেন, “পর্দায় আমার চরিত্র দেখে যদি দর্শকের মনে হয় চরিত্রটিকেই দেখছেন, আ খ ম হাসানকে নয়—তাহলেই সেটাই আমার সাফল্য। এর কৃতিত্ব পরিচালক ও পুরো ইউনিটের।”
এদিকে, চলচ্চিত্রটির ‘আমারে নাও’ গানটিও দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। নির্মাতা কাজী আসাদ–এর কথায় এবং জাহিদ নিরব–এর সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। বিশেষ প্রদর্শনী শেষে তিনি উপস্থিত দর্শকদের অনুরোধে খালি গলায় গানটি পরিবেশন করেন।
‘লাইফলাইন’ পরিচালনা করেছেন কাজী আসাদ। এটি নির্মিত হয়েছে চরকির অরিজিনাল প্রোডাকশনের ব্যানারে। চলচ্চিত্রটির মূল গল্প লিখেছেন মাহমুদুর হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবির এবং কাজী আসাদ।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত এবং ফাতেমাতুজ জোহরা ইভা।