ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-এর কাছ থেকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ গ্রহণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে তিনি হুইলচেয়ারে করে অনুষ্ঠানে উপস্থিত হন, যা ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।
গত দুই বছর ধরে প্রায় আড়ালে ছিলেন এই কিংবদন্তি শিল্পী। হঠাৎ করে তাকে এমন অবস্থায় দেখে সামাজিক মাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরদিন তিনি নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়ে ভক্তদের উদ্দেশে তার বর্তমান শারীরিক অবস্থার কথা জানান।
পোস্টে তিনি লেখেন, গত দুই বছর ধরে তিনি নানা স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং এ সময় ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। তিনি আরও জানান, ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া ছিল তার কাছে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়।
তার এই পোস্ট প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়। সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা এবং ভক্তরা তাকে শুভেচ্ছা ও দ্রুত সুস্থতার বার্তা জানান।
উল্লেখ্য, চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অলকা ইয়াগনিক প্রায় ২৫টি ভাষায় ২২ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘এক দো তিন’, ‘তালে সে তাল মিলা’, ‘টিপ টিপ বরসা পানি’, ‘দিলবার দিলবার’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’ ইত্যাদি।