ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও ‘পদাতিক’ নাট্যদলের আজীবন সভাপতি প্রয়াত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে দেড় দশকেরও বেশি সময় ধরে আয়োজন করা হচ্ছে বিশেষ নাট্যোৎসব। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হচ্ছে এই আয়োজন।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। ছয় দিনের এই আয়োজনে নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হবে অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক নাট্যজন কামাল বায়েজিদকে।
উৎসবের উদ্বোধন হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। উদ্বোধনের পর মঞ্চস্থ হবে দেশ নাটকের প্রযোজনা ‘দর্পণে শরৎশশী’। নাটকটির নির্দেশনা ও তত্ত্বাবধান করেছেন কামাল আহমেদ।
এবারের উৎসবে অংশ নিচ্ছে দেশের ছয়টি নাট্যদল। দলগুলো হলো— দেশ নাটক, পদাতিক নাট্য সংসদ, এথিক, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপ এবং থিয়েটার ফ্যাক্টরি।
উৎসব চলাকালে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটক মঞ্চস্থ হবে। এর আগে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বহিরাঙ্গন অনুষ্ঠান’। এতে থাকবে পথনাটক, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনা।
উৎসবের কর্মসূচি অনুযায়ী, ২৭ জুন মঞ্চস্থ হবে থিয়েটার ফ্যাক্টরির ‘কমলা রঙের বোধ’, যার নির্দেশনায় রয়েছেন অলোক বসু। ২৮ জুন এথিক নাট্যদল উপস্থাপন করবে ‘সুড়ঙ্গ’, নির্দেশনায় মিন্টু সরদার। ২৯ জুন মঞ্চে আসবে বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপের ‘জালালউদ্দিন রুমী’, নির্দেশনায় সুজন মাহবুব। আর সমাপনী দিনে, ১ জুলাই, জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে ‘বিধিবাম’।
উৎসবের অন্যতম আকর্ষণ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সাইফুল হক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু।
নাট্যচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনে সৈয়দ বদরুদ্দীন হোসাইনের অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।