নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সহায়তা ও সন্তান জন্মদানের পর খেলায় ফেরার পথ সহজ করতে নতুন নীতিমালা চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই উদ্যোগকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার ভাষায়, এটি নারী ক্রীড়াবিদদের জন্য একটি “যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ”।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আইসিসির নতুন নীতিমালা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করেন দীপিকা। তিনি মনে করেন, এই উদ্যোগ খেলাধুলার অঙ্গনে নারীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইসিসির নতুন নীতিমালার মূল লক্ষ্য হলো—কোনো নারী ক্রিকেটার যেন মাতৃত্ব ও পেশাদার ক্যারিয়ারের মধ্যে একটি বেছে নিতে বাধ্য না হন। এ লক্ষ্যে খেলোয়াড়দের জন্য চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত পুনর্বাসন পরিকল্পনা, শিশু পরিচর্যা ও ভ্রমণ সহায়তা এবং চুক্তিগত নিরাপত্তার মতো বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, ছয় ধাপের এই কাঠামো একজন ক্রিকেটারকে ধীরে ধীরে সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে সহায়তা করবে। আইসিসির মেডিকেল অ্যাডভাইজরি কমিটির তত্ত্বাবধানে তৈরি এই নীতিমালাকে ক্রিকেট ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ মাতৃত্ব-সহায়ক কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নারীদের ক্ষমতায়ন ও সমঅধিকার নিয়ে বরাবরই সোচ্চার দীপিকা পাড়ুকোন এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। এর আগেও তিনি বিভিন্ন নারীস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালে তাদের ঘরে প্রথম সন্তানের জন্ম হয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য নিয়ে দীপিকার অভিজ্ঞতার কারণে আইসিসির এই উদ্যোগের প্রতি তার সমর্থন বিশেষ গুরুত্ব পেয়েছে।