দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে দেশের অভিনয় অঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরকে।
জানা গেছে, এই তিন গুণী শিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে ‘দাদি ভয়ংকর’ শিরোনামের একটি নাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির। এরই মধ্যে শেষ হয়েছে নাটকটির শুটিং।
নাটকের মূল বিষয়বস্তু আবর্তিত হয়েছে ইন্টারনেট ও মানুষের দৈনন্দিন জীবনে এর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবকে ঘিরে।
নাটকটি সম্পর্কে পরিচালক রাহাত কবির বলেন, “ইন্টারনেটের যেমন ভালো দিক রয়েছে, তেমনি এর কিছু নেতিবাচক দিকও আছে। তবে ইন্টারনেটের ইতিবাচক দিকগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিই মূলত নাটকের মাধ্যমে অনুপ্রেরণার জায়গা থেকে তুলে ধরা হয়েছে।”
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে আবুল হায়াত বলেন, “সিনিয়র শিল্পীদের একত্র করে নাটক নির্মাণ করা সত্যিই কঠিন কাজ। এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য রাহাত কবিরকে ধন্যবাদ।”
দিলারা জামানের ভাষ্য, “প্রযুক্তি যেমন আমাদের স্বাচ্ছন্দ্য দিচ্ছে, তেমনি অনেক ধরনের ঝুঁকিও তৈরি করছে। নাটকের মাধ্যমে সেই বিষয়ে মানুষকে সচেতন করার উদ্যোগটি আমার খুব ভালো লেগেছে।”
অন্যদিকে ডলি জহুর বলেন, “দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে একই নাটকে কাজ করা আমার জন্য ভীষণ আনন্দের বিষয়। এই কাজ করতে গিয়ে বারবার ‘শেষ পত্র’ নাটকের সেই সময়গুলোর কথা মনে পড়েছে। আমাদের সেই দলের শর্মিলী আপা আজ আর আমাদের মাঝে নেই—বিষয়টি বারবার মনে পড়ে আবেগাপ্লুত হয়েছি।”