যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বসে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ম্যাচ চলাকালে সম্প্রচার ক্যামেরায় ধরা পড়ে তার এক পারিবারিক মুহূর্ত, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে বসে থাকা শাকিরার গালে স্নেহভরে চুমু দিচ্ছেন এক তরুণ। এই দৃশ্যকে ঘিরে নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়, অনেকেই তাকে শাকিরার ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় বলে ধারণা করেন।
পরবর্তীতে জানা যায়, ভিডিওতে থাকা ওই তরুণ শাকিরার বড় ছেলে।
জানা গেছে, গ্রুপ ‘জে’-এর ম্যাচ দেখতে শাকিরা তার দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ম্যাচের এক পর্যায়ে ক্যামেরার ফোকাস তাদের দিকে গেলে মায়ের গালে ছেলের স্নেহের চুমুর মুহূর্তটি ধরা পড়ে, যা পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ম্যাচ চলাকালে একাধিকবার ক্যামেরায় ধরা পড়েন এই লাতিন পপ তারকা। আরেকটি দৃশ্যে তাকে দুই ছেলেকে নিয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। পাশাপাশি গ্যালারির দর্শকদের উদ্দেশে তিনি ফ্লাইং কিস ছুড়ে দেন বলেও জানা গেছে।