প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে দেহাবশেষ উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।
আইনজীবী আবিদ হাসান জানান, দীর্ঘ তিন দশক পর দেহাবশেষ উত্তোলন করলে তা থেকে কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া এ ধরনের পদক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও তৈরি করতে পারে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম-এর আবেদন মঞ্জুর করে আদালত পূর্বের আদেশ বাতিল করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহকে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। কবর থেকে দেহাবশেষ উত্তোলন করলে ধর্মীয় ও সামাজিকভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ বিষয়ে নিহতের মা নীলা চৌধুরী-ও আপত্তি জানিয়েছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডি-এর পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্তের অনুমতি চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।