ভারতের হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে পদদলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন আদালতে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি উপস্থিত না হলেও অনলাইন মাধ্যমে শুনানিতে যুক্ত হন বলে জানা গেছে।
অভিনেতার আইনজীবী জানান, বর্তমানে একটি ছবির শুটিংয়ের কাজে তিনি মুম্বইয়ে অবস্থান করছেন। এ কারণে সশরীরে আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি। তবে আদালতের অনুমতি নিয়েই তিনি ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন এবং আগেই এ বিষয়ে আবেদন করা হয়েছিল বলেও দাবি করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার বিশেষ প্রদর্শনীকে ঘিরে ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়। আল্লু অর্জুনকে একনজর দেখার জন্য হাজার হাজার ভক্ত সেখানে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলনের ঘটনা ঘটে। এতে রেভতী নামে এক নারীর মৃত্যু হয় এবং তার সন্তান গুরুতর আহত হয়।
ঘটনার পর তদন্তে হায়দরাবাদ পুলিশ মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। সেখানে বলা হয়, অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় অনুমতি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণে একাধিক গাফিলতি ছিল, যার কারণেই দুর্ঘটনা ঘটে।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে এই মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয় এবং পরে তেলেঙ্গানা হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
চলমান এই মামলার অংশ হিসেবে সোমবার (২২ জুন) হায়দরাবাদের নামপল্লি আদালতে আল্লু অর্জুনসহ মোট ২০ জন অভিযুক্তকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।