ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো। জানা যায়, সৌদি আরবে তার নতুন সিনেমা ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন তিনি একটি মসজিদে শাহাদা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওটি প্রকাশ করেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ। এতে দেখা যায়, এসপোসিতো একটি মসজিদের ভেতরে কয়েকজনের সঙ্গে উপস্থিত থেকে ধর্মান্তরিত হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন এবং নামাজেও অংশ নিচ্ছেন।
তুর্কি আলালশেখ জানিয়েছেন, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় মুসলিমদের জীবনযাত্রা, আতিথেয়তা ও কাজের পরিবেশ তাকে গভীরভাবে প্রভাবিত করে। এসব অভিজ্ঞতাই তাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘ অভিনয় জীবনে জিয়ানকার্লো এসপোসিতো হলিউডের বহু জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজে কাজ করেছেন। বিশেষ করে ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এ তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়।
‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এবং একাধিক পুরস্কারের মনোনয়নও অর্জন করে।