জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী। পারিবারিকভাবে নির্ধারিত যুক্তরাষ্ট্রপ্রবাসী সুরাইয়া আফরোজের সঙ্গে গত শুক্রবার (১৯ জুন) পারিবারিক আয়োজনে তার আংটিবদল সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শেখ সাদী নিজেই। তিনি জানান, আংটিবদলের সিদ্ধান্তটি পূর্বপরিকল্পিত ছিল না। সম্প্রতি তার বাবা-মা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর পরিবারের মধ্যে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে পরিবারের সিদ্ধান্তেই তিনি সম্মতি জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুরাইয়া আফরোজ যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শাহজাদপুরে কনের বাসায় তাদের বাগদান সম্পন্ন হয়।
উল্লেখ্য, সংগীতাঙ্গনে কয়েক বছর আগে যাত্রা শুরু করা শেখ সাদী ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে একাধিক গান প্রকাশের মাধ্যমে তরুণ শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ‘ললনা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তিনি অভিনয়েও কাজ করেছেন।
তবে তার আংটিবদলের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ২০২৫ সালে অভিনেত্রী পরীমণির জামিনদার হিসেবে আদালতে হাজির হওয়ার পর তাদের ঘিরে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।