রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে বহুরূপী প্রতারক হিসেবে অভিযুক্ত মির্জা আবুল বাশার মামুন গ্রেপ্তার হওয়ার পর তাকে ঘিরে বিভিন্ন আলোচনার মধ্যে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ববি হককে নিয়েও নানা সংবাদ প্রকাশিত হয়। তবে এসব সংবাদকে ‘সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
শনিবার (২০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ববি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে তিনি লেখেন, “শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। কোথাও আমাকে তার ‘কথিত স্ত্রী’, আবার কোথাও ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।”
ববি দাবি করেন, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, “বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মূলত ভিউ বাণিজ্য এবং আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে।”
এ অভিনেত্রী আরও বলেন, “আমাকে হেয় করার উদ্দেশ্যে যেসব গণমাধ্যম মিথ্যা খবর প্রচার করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন। যদি আমি বিয়ের মতো পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে থাকি, তাহলে সেটি অবশ্যই আমি নিজেই সবার সামনে তুলে ধরব।”
উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়ার প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির পশু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
এ ঘটনার পর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া মির্জা আবুল বাশার অভিনেত্রী ববি হকের স্বামী। তবে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ববি সেই দাবি স্পষ্টভাবে নাকচ করে দেন এবং এসব সংবাদকে গুজব ও মিথ্যা বলে অভিহিত করেন।