দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর–কে ঘিরে চলমান প্রেমের গুঞ্জন নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও এবার শোনা যাচ্ছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা আলাদা পথে হাঁটছেন।
তবে এ বিষয়ে ধানুশ বা ম্রুণাল—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। বিচ্ছেদের কারণ সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে তাদের উপস্থিতি এবং ঘনিষ্ঠতা ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। বিশেষ করে ‘সন অব সরদার ২’ ছবির প্রিমিয়ারে ধানুশের উপস্থিতির পর গুঞ্জন আরও জোরালো হয়।
এর আগে ধানুশের ছবি ‘তেরে ইশক ম্যায়’–এর একটি অনুষ্ঠানে ম্রুণালের উপস্থিতিও নতুন করে জল্পনার জন্ম দিয়েছিল। তবে সম্পর্ক নিয়ে দুজনের কেউই কখনো প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি।
উল্লেখ্য, ২০০৪ সালে সুপারস্টার রজনীকান্ত–এর কন্যা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেন ধানুশ। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। পরে ২০২২ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।