ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি-এর স্বামী মির্জা আবুল বাশার মামুন নিজ বাসার একটি গোপন সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাত ১২টার পর রাজধানীর গুলশান-১ এলাকার ২৮ নম্বর রোডে তার বাসা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার (২০ জুন) সকালে তল্লাশির সময় বাথরুমের পেছনে বিশেষভাবে নির্মিত গোপন সুড়ঙ্গ থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি জানান, মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গুলশান থানার একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে, গত বছরের অক্টোবরেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা যায়। তবে জামিনে মুক্তির পর তিনি পুনরায় একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ডিলারশিপ, জমি ও ব্যবসায়িক সুযোগ দেওয়ার নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া একটি এগ্রো খামার থেকে গরু নিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকার চেক দিলেও সেটি পরবর্তীতে বাউন্স করে বলে অভিযোগ পাওয়া গেছে।