কক্সবাজারের মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
বৃহস্পতিবার (১৮ জুন) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি। একই সঙ্গে দুর্ঘটনার অভিজ্ঞতা ও সচেতনতামূলক বার্তাও তুলে ধরেন অভিনেতা।
পোস্টে জোভান লেখেন, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। তবে আল্লাহর রহমতে বড় কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা অনেক সময় দ্রুতগতিতে বাইক চালানোর ঝুঁকি সম্পর্কে ভাবি না। কয়েক সেকেন্ডের অসাবধানতা যে বড় বিপদের কারণ হতে পারে, দুর্ঘটনার পর তিনি তা গভীরভাবে উপলব্ধি করেছেন।
এ সময় তিনি সবাইকে হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। জোভান বলেন, গন্তব্যে দেরিতে পৌঁছানো গেলেও নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতা কামনা করে নানা মন্তব্য করছেন।