ঢাকার মিরপুরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী, যিনি নিয়ামত উল্লাহ ভূঁইয়া নামেও পরিচিত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, ইকরার মৃত্যুর ঘটনায় তার বাবা কবির হায়াত খান বাদী হয়ে অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিন ধরে অবহেলা ও নির্যাতনের অভিযোগও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন।