দীর্ঘ ১৬ বছর ধরে ব্যক্তিগত একটি ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার এ নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ ও অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় প্রভা বলেন, তিনি এতদিন বিষয়টি নিয়ে কথা না বললেও এখন দায়িত্ববোধ থেকে কিছু “কঠিন সত্য” তুলে ধরতে চান। তার মতে, অনেক সময় কথা বলেও কোনো সমাধান পাওয়া যায় না বলে তিনি এতদিন নীরব ছিলেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, নিয়মিতভাবে তিনি অনলাইনে নানা ধরনের আক্রমণ ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। প্রভার মতে, যারা সামাজিক মাধ্যমে সেলিব্রেটি বা শিল্পীদের লক্ষ্য করে আক্রমণ করেন, অনেক সময় তা তাদের ব্যক্তিগত মানসিক অবস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে যে পরিমাণ সাইবার বুলিংয়ের মুখোমুখি হয়েছেন, তার একটি বড় অংশ যদি আইনি কাঠামোর মধ্যে এনে তদন্ত করা হতো, তাহলে অনেক কিছুই বদলে যেত। একই সঙ্গে তিনি অপরাধীদের পরিচয় প্রকাশ ও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সাইবার বুলিং প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।
এ ছাড়া যারা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বা সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ভুক্তভোগীর বদলে অপরাধীকে দায়ী করার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।