বেশ কিছু দিনের অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে আবারও কাজে ফিরছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তবে পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন তিনি নিজেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দেন এই জনপ্রিয় পরিচালক। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, এখন তিনি কিছুটা কথা বলতে পারছেন, তবে জোরে নয়। তার ভাষায়, “পুরোপুরি উন্নতি হচ্ছে কি না তা বুঝতে আরও প্রায় এক মাস সময় লাগবে। আপাতত খুব সীমিতভাবে কথা বলেই আমি আবার আমার নিয়মিত কাজে ফিরতে পারছি। আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি। দোয়া ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।”
উল্লেখ্য, কিছুদিন আগে শারীরিক জটিলতার কারণে স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন কাজল আরেফিন অমি। পরে চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণভাবে বিশ্রামে থেকে কথা বলা থেকে বিরত থাকতে বলা হয়।
বর্তমানে তিনি কিছুটা সতর্কতার সঙ্গে, সীমিত কথা বলে আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।