শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শাকিবের কাজের ক্ষুধাই তাঁকে আলাদা করেছে: সাবিলা নূর

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪০ Time View

পরপর দুই ঈদে দর্শকদের জন্য দারুণ দুটি কাজ উপহার দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। রকস্টার-এ শাকিব খান এবং বনলতা এক্সপ্রেস-এ শরীফুল রাজ-এর সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বর্তমানে ক্যারিয়ারের এই সফল সময়টুকু উপভোগ করছেন সাবিলা। তবে তিনি মনে করেন, সাফল্যের সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। পাশাপাশি সময়ের সঙ্গে অনেক নতুন বিষয়ও শিখেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।

সাবিলা বলেন, “এবার ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’কে দর্শক যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাতে তাঁদের প্রতি আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে।”

তিনি জানান, দর্শকের ভালোবাসাই তাঁকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। একই সঙ্গে পরিবারের সমর্থন তাঁর জন্য সব সময় বড় শক্তি হিসেবে কাজ করে। কাজের ব্যস্ততা ও নানা উত্থান-পতনের সময় পরিবারের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে সাহায্য করে।

স্বামী প্রসঙ্গে সাবিলা বলেন, দুটি সিনেমাই তিনি তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহের-এর সঙ্গে দেখেছেন। ‘রকস্টার’ সিনেমাটি তাঁরা সাধারণ দর্শকের সঙ্গে বসেই উপভোগ করেছেন। ফলে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া দেখার সুযোগ পেয়েছেন।

তবে সিনেমা দেখার পর স্বামী নেহালের একটি পরামর্শ তাঁর মনে গভীরভাবে দাগ কেটেছে। সাবিলা বলেন, “নেহাল আমাকে বলেছে, কোনো সিনেমার সফলতাকে যেন নিজের একার সফলতা মনে না করি। এটাকে সব সময় পুরো টিমের সফলতা হিসেবে দেখি।”

স্বামীর এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, “আমিও মনে করি, একটি সিনেমার সাফল্য কখনো একজনের নয়। এর পেছনে পুরো টিমের পরিশ্রম থাকে। তাই অর্জনকে টিমের সাফল্য হিসেবেই দেখতে চাই।”

এছাড়া শাকিব খানকে নিজের বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন সাবিলা। তাঁর মতে, কাজের প্রতি শাকিব খানের নিষ্ঠা, পরিশ্রম ও একাগ্রতা সত্যিই প্রশংসনীয়।

সাবিলা বলেন, “এত বছর কাজ করার পরও কাজের প্রতি তাঁর আগ্রহ ও প্রস্তুতি একটুও কমেনি। প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা তাঁকে আলাদা করেছে।”

তিনি আরও জানান, তাণ্ডব-এ খুব বেশি দিন একসঙ্গে কাজ না করলেও তিনি লক্ষ্য করেছেন, শাকিব খান শুটিংয়ের নির্ধারিত সময়ের আগেই সেটে উপস্থিত থাকতেন।

সাবিলার ভাষায়, “শাকিব ভাই তো মেগাস্টার। কিন্তু এত বড় তারকা হওয়ার পরও তিনি সেটে কখনো তা বুঝতে দেন না। সবার সঙ্গে সহজভাবে মিশে যান এবং এমন একটি পরিবেশ তৈরি করেন, যেখানে সহশিল্পীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করতে পারেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com