জনপ্রিয় হিন্দি টেলিভিশন সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’-এর পরিচিত মুখ সঞ্চিতা উগাল আর নেই। মাত্র ২২ বছর বয়সে তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার নিজ বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার (১৪ জুন) সন্ধ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘরে থাকা শাড়ি ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তার এই আকস্মিক মৃত্যুর খবরে ভারতীয় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে পরিচিতি পান। এরপর ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
এছাড়া নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুট আউট’ এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ চলচ্চিত্রেও তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।