দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এবার শিক্ষা খাতে বড় উদ্যোগ নিয়েছেন।
তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের একটি গ্রামে অবস্থিত মোট ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন এই তারকা দম্পতি। স্থানীয়ভাবে এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
জানা গেছে, ওই গ্রামের সঙ্গে বিজয় দেবেরাকোন্ডার পারিবারিক সম্পর্ক রয়েছে—তার বাবার জন্মস্থানও এই এলাকায়। ভক্তদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা থেকেই তারা প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত ১৮০ জন শিক্ষার্থীর একটি তালিকাও প্রকাশ করেছেন।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল।”
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজয় ও রাশমিকা একসঙ্গে নিজেদের গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পূজায় অংশ নেন। সেই সফরে তারা এলাকার বিভিন্ন স্কুল ঘুরে দেখেন এবং তখনই নবম ও দশম শ্রেণির মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের সহায়তার ঘোষণা দেন।