ব্রাজিলের রিও ডি জেনিরোর আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রি এবং আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউবার গ্যাসপার প্রিম দিয়াজ (গ্যাসপি) রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আকাশে উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টারের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে উভয় হেলিকপ্টারই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং এলাকায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি করে।
ব্রাজিলের বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। হতাহতের প্রকৃত সংখ্যা ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার কাজ চলছে।
জানা গেছে, মৃত্যুর সময় অলিভার ট্রি তাঁর চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’-এর বিশ্ব সফরে ছিলেন। মে মাসে মেক্সিকো সিটি থেকে সফর শুরু করার পর তিনি লাতিন আমেরিকার বিভিন্ন দেশে কনসার্ট করেছেন। সামনে ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় তাঁর আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।
অন্যদিকে, গ্যাসপার প্রিম দিয়াজ ওরফে গ্যাসপি ব্রাজিলে একটি আন্তর্জাতিক সংগীত ও কনটেন্টভিত্তিক প্রকল্পের কাজে অবস্থান করছিলেন বলে জানা গেছে।