ঢাকাই চলচ্চিত্রের সোনালী সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা। একসময় তাদের অভিনীত সিনেমাগুলো দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হলেন এই দুই তারকা।
সম্প্রতি চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তাদের দেখা হয়। দীর্ঘ বিরতির পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় দুজনই বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অনুষ্ঠানে তারা পুরোনো দিনের স্মৃতি ও বর্তমান সময় নিয়ে নানা বিষয়ে কথা বলেন।
আলাপের এক পর্যায়ে শাকিব খানকে নিয়ে মজার মন্তব্য করেন অভিনেত্রী পূর্ণিমা। তিনি বলেন, “তাকে আমি যা দেখেছি, তার থেকে এখন অনেক ছোট হয়ে গেছে। আরও বেশি ছোট। তার যতগুলো ছবি আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।”
বর্তমানে নিয়মিত একসঙ্গে কাজ না করলেও শাকিব খানের নতুন কাজ ও আন্তর্জাতিক অঙ্গনের উপস্থিতি সম্পর্কে খোঁজ রাখেন পূর্ণিমা।
শাকিবের লুক নিয়ে তিনি আরও বলেন, “আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত।”
অনুষ্ঠানে শাকিব খানকে বিশেষভাবে স্বাগত জানাতে বাজানো হয় তার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’। সেই মুহূর্তে মজার ছলে পূর্ণিমা বলেন, “আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো, দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।” জবাবে শাকিব খান হাসতে হাসতে বলেন, “যা ইচ্ছা করো।”
একসময় ঢালিউডের অন্যতম সফল জুটি ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ ও ‘বাধা’-সহ তাদের একাধিক সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সময়ের ব্যবধানে তারা ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক এখনো অটুট রয়েছে—সাম্প্রতিক এই সাক্ষাৎ তারই ইঙ্গিত দেয়।
দীর্ঘদিন পর দুই তারকার এই পুনর্মিলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মাঝে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনেকেই আবারও তাদের বড় পর্দায় একসঙ্গে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।