দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। দেশীয় সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রবাসী দর্শকদের জন্য অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি।
আগামী ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর বিশেষ প্রিমিয়ার শো। শুধু সিডনিই নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও সিনেমাটির বিশেষ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিমিয়ার শোতে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান অভিনেতা আরিফিন শুভ। তিনি আগামী ১২ জুন ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী দর্শকদের উদ্দেশে একটি ভিডিও বার্তাও দেন আরিফিন শুভ। সেখানে তিনি বলেন, “হ্যালো অস্ট্রেলিয়া, আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব।”
ভিডিও বার্তায় তিনি আরও জানান, সিডনির প্রিমিয়ার শো সফল হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনী আয়োজন করা হতে পারে। পাশাপাশি প্রবাসীদের পরিবার ও বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।
পরিচালক সাইফ চন্দনের নির্মিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।