জনপ্রিয় কমেডি সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ করে কথা বলতে সমস্যায় পড়েছেন। জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি দাঁতের সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে শুটিং চলাকালে হঠাৎ গলায় অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়।
চিকিৎসকেরা পরীক্ষা করে তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি টানা ৭ দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং একেবারেই কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিচালক নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি জানান, শুটিং চলাকালে হঠাৎ তার গলায় তীব্র অস্বস্তি শুরু হয় এবং কণ্ঠস্বর ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। পরে শুটিং বন্ধ করে হাসপাতালে গেলে চিকিৎসকেরা সিস্টের বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী এক সপ্তাহ তাকে ‘ভয়েস রেস্ট’-এ থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।
পোস্টের শেষে অমি উল্লেখ করেন, তিনি কাজপাগল একজন মানুষ এবং নিয়মিত দর্শকদের জন্য কাজ করে যেতে চান। একই সঙ্গে তিনি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।