তামিল চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। ভারতের প্রখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা আর নেই।
বুধবার (১০ জুন) চেন্নাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নির্মাতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
উল্লেখ্য, ১৯৪১ সালের ১৭ জুলাই তামিলনাড়ুর থেনি জেলার অল্লিনাগারামে জন্মগ্রহণ করেন ভারতীরাজা। তাঁর প্রকৃত নাম ছিল চিন্নাসামি পেরিয়ামায়া থেভর। ১৯৭৭ সালে ‘১৬ ভায়াথিনিলে’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
পরবর্তী সময়ে তাঁর পরিচালনায় গড়ে ওঠে তামিল চলচ্চিত্রের একাধিক তারকা শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন রাধিকা, রেবতী, রাধা, রঞ্জিতা ও রেখা। এছাড়া কার্তিক, পান্ডিয়ান, চন্দ্রশেখর, নেপোলিয়ন এবং জনকরাজসহ অনেক অভিনেতার ক্যারিয়ারেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।