কান চলচ্চিত্র উৎসবে পাম দ’অর জয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির বিরুদ্ধে দেওয়া এক বছরের কারাদণ্ড বহাল রেখেছে তেহরানের বিপ্লবী আদালত। রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয় বলে জানা গেছে।
তবে স্বাধীন চলচ্চিত্র সাংবাদিক মনসুর জাহানিসহ একাধিক সূত্রের দাবি অনুযায়ী, গত রবিবার (৭ জুন) তেহরানে অনুষ্ঠিত এক শুনানিতে আদালত তার আপিল খারিজ করেছে বলে জানান পানাহির আইনজীবী মোস্তফা নিলি।
আইনজীবী আরও বলেন, এই রায় চূড়ান্ত নয়। তেহরান প্রাদেশিক আপিল আদালতে আগামী ২০ দিনের মধ্যে নতুন করে আবেদন করার সুযোগ রয়েছে। ফলে আপাতত জাফর পানাহিকে তাৎক্ষণিকভাবে কারাবন্দি হতে হচ্ছে না।
উল্লেখ্য, ২০১০ সালে জাফর পানাহির ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়—যার আওতায় তিনি চলচ্চিত্র নির্মাণ, গণমাধ্যমে কথা বলা এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে বাধ্য হন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি গোপনে চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখেন।
পরবর্তীতে ২০২২ সালে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনি প্রায় সাত মাস কারাবন্দি ছিলেন। ২০২৩ সালে তার ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করা হয় এবং তাকে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর থেকে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন কাজের প্রচারে অংশ নিয়ে আসছেন।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চের শেষ দিকে জাফর পানাহি ইরানে ফিরে যান। এর আগে তিনি একাডেমি পুরস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ফ্রান্সের প্রতিনিধিত্বও করেছিলেন।