দীর্ঘ এক বছর পর আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কিম সু-হিউন। গত বছর অভিনেত্রী কিম সে-রনের মৃত্যুর পর সৃষ্ট বিতর্ক ও আইনি জটিলতায় অনেকটা সময় জনসম্মুখ থেকে দূরে ছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি সিউলে নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় ২৪ বছর বয়সী অভিনেত্রী কিম সে-রনকে। তার মৃত্যুর পর অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অপ্রাপ্তবয়স্ক বয়স থেকেই কিম সু-হিউনের সঙ্গে তার সম্পর্ক ছিল। পাশাপাশি কিছু আর্থিক বিষয় নিয়েও অভিনেত্রীকে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলা হয়।
তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন কিম সু-হিউন। তার দাবি, কিম সে-রন প্রাপ্তবয়স্ক হওয়ার পরই তাদের সম্পর্কের সূচনা হয়েছিল। নিজের সুনাম ও সম্মান রক্ষায় তিনি আইনি পদক্ষেপও নেন। এ ছাড়া তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে একটি ইউটিউব চ্যানেলের পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তি এবং কিম সে-রনের পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মানহানির মামলাও করেন তিনি।
এদিকে দীর্ঘদিনের বিতর্ক ও আইনি প্রক্রিয়ার পর আবারও কাজে ফিরছেন এই অভিনেতা। কিম সু-হিউনের এজেন্সি গোল্ডমেডেলিস্ট জানিয়েছে, তার স্থগিত থাকা বিভিন্ন বড় প্রকল্প পুনরায় চালু করার প্রস্তুতি চলছে।
সম্প্রতি কোরিয়ান সংবাদমাধ্যম হানকুক ইলবো-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ জুলাই দক্ষিণ কোরিয়ায় একটি ফিলিপাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন কিম সু-হিউন। দীর্ঘ বিরতির পর এটি হবে নিজ দেশে তার প্রথম আনুষ্ঠানিক কাজ।