দীর্ঘ ২৭ বছর পর আবারও বড় পর্দায় নতুন রূপে ফিরছে জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’-র রিমেক। নতুন এই চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে।
এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সেই চলচ্চিত্রের মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক ঘটে ফেরদৌস আহমেদ ও টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর।
রিমেক সংস্করণে ফেরদৌস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে।
পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং ইতোমধ্যে প্রায় তিন মাস আগে শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় এটি মুক্তি পেতে পারে।
সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। মূল ‘হঠাৎ বৃষ্টি’ যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। আর রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।