ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় এক বছর ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানান নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
তিনি জানান, এখনো আশানুরূপ কোনো উন্নতি হয়নি এই অভিনেতার। বর্তমানে তিনি কয়েক দফা থেরাপি নিচ্ছেন, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পুনর্মূল্যায়ন করবেন।
লিটন এরশাদ আরও জানান, ইলিয়াস কাঞ্চন এখন টুকটাক কথা বলতে পারলেও তাঁর কথাবার্তায় এখনও জড়তা রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে তাঁর মেয়ের বাসায় অবস্থান করছেন।
উল্লেখ্য, গত বছরের শুরুতে শারীরিক জটিলতা দেখা দিলে ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে প্রথম অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।