আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘লোকে বলে’ শিরোনামের এই গানটি ঘিরে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ২০ সেকেন্ডের একটি টিজার ভিডিও, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
টিজারে নুসরাত ফারিয়াকে একাধিক গ্ল্যামারাস লুকে দেখা গেছে। কখনো কালো ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনো আধুনিক ও দেশীয় আবহে ঝলমলে লেহেঙ্গায় হাজির হন তিনি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘লোকে বলে রে, কই থেকে আইলো’ সংলাপ।
গানটিতে সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদির। এটি প্রকাশিত হবে আগামী ২৬ মে এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে।
টিজারের শুরুতেই ‘ ফারিয়া ইজ ব্যাক’ লেখা দেখা যায়, পাশাপাশি গানটির নাম ‘লোকে বলে’ও তুলে ধরা হয়। সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে ফারিয়া লিখেছেন, এবারের ঈদে তিনি শ্রোতাদের মনের ‘টেম্পারেচার বাড়াতে’ আসছেন।
ফোক-পপ ঘরানার এই গানটি লিখেছেন তাহজিব এম বন্ধন। ভিডিওটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব।