চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশ-এ একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, শানসি প্রদেশের চাংঝি শহরে অবস্থিত লিউশেনইউ কয়লাখনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন।
বিস্ফোরণের সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। উদ্ধারকারীরা শনিবার সকাল পর্যন্ত ২০১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে এখনো ৩৮ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে জানা গেছে। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গত এক দশকের মধ্যে চীনের খনি খাতে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে। দুর্ঘটনার পর শি জিনপিং নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।