জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।
মঙ্গলবার (৯ জুন) মন্ত্রিপরিষদ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, ভূমি মন্ত্রণালয়ের সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ৩৩টি জেলায় সার্কিট হাউজ ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট স্থাপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শিশু হাসপাতাল সম্প্রসারণ প্রকল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ প্রকল্পের সংশোধন অনুমোদন পেয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প—মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্য সিস্টেম উন্নয়ন এবং ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন—নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধির প্রকল্পও অনুমোদিত হয়েছে।
একই সভায় ৫০ কোটি টাকার নিচে ব্যয় সম্বলিত আরও ৬টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়, যার মধ্যে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট নিরসন উদ্যোগ, ডাকসেবার সম্প্রসারণ এবং শিশু বিয়ে প্রতিরোধ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে।