ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরের এ হামলার তথ্য নিশ্চিত করেছেন অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ। খবর এএফপির।
গভর্নরের ভাষ্য অনুযায়ী, চুগুইভ শহরে চালানো হামলায় ২২ বছর বয়সি এক তরুণীসহ চারজন প্রাণ হারান। বিস্ফোরণের পর একাধিক স্থানে আগুন লাগে এবং ১৮টির মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি একটি আবাসিক ভবনের জানালা ভেঙে পড়া ও বাইরের অংশেও বড় ধরনের ক্ষতি হয়।
একই সময়ে খারকিভ শহরে আলাদা হামলায় আরও অন্তত ২০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন মেয়র ইগর তেরেখভ।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় ইউক্রেনে বেসামরিক হতাহতের ঘটনা বাড়ছে। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে ড্রোন অভিযান চালাচ্ছে, যেখানে সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করা হচ্ছে বলে দাবি কিয়েভের।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকায় ১৫ হাজার ৮৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলে আরও প্রায় ২ হাজার ৮০০ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। দুই পক্ষ মিলিয়ে আহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।