বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। ২০২৪ সালে ‘চ্যাপ্টার টু’ নামে নিজের একটি অনুষ্ঠানও শুরু করেন তিনি। সব মিলিয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে ভালো সময়ই কাটাচ্ছিলেন এই অভিনেত্রী।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বড় একটি সিদ্ধান্তের কথা জানান রিয়া। তিনি বলেন, সামাজিক মাধ্যমের অবিরাম কোলাহল এবং দীর্ঘ সময় ধরে মোবাইল স্ক্রল করা তার জীবনে মানসিক চাপ তৈরি করছে। তাই কিছু সময়ের জন্য এই ব্যস্ততা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চান তিনি।
রিয়া জানান, নিজের মানসিক শান্তি ফিরে পেতে এবং বাস্তব জীবনের কাছাকাছি থাকতে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন। আপাতত ক্যামেরাবন্দি মুহূর্তের চেয়ে আশপাশের খাঁটি সম্পর্ক ও বাস্তব অনুভূতির সঙ্গে নতুন করে সংযোগ গড়ে তুলতেই মনোযোগ দিতে চান এই অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর জীবনে একের পর এক ঝড় নেমে আসে। আইনি জটিলতা, কঠোর সমালোচনা এবং মাদক-সংক্রান্ত মামলায় কারাবাসসহ নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
যদিও পরবর্তীতে আদালত তাকে বেশ কয়েকটি অভিযোগ থেকে অব্যাহতি দেয়, তবুও সেই সময়ের ঘটনাগুলো তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছে।