ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এবং ‘রাক্ষস’ এবার একসঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। আগামী ২১ মে থেকে সিনেমা দুটি উৎসব এবং আইস্ক্রিন–এ স্ট্রিমিং শুরু হবে।
পরিচালক মেহেদী হাসান হৃদয়–এর ‘রাক্ষস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ছবিতে তাকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তার বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, আলী রাজ, নাজনীন হাসান চুমকী ও সোহেল মণ্ডলসহ আরও অনেকে।
অন্যদিকে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং জ্যোতির্ময়ী কুণ্ডুসহ অনেকে।
বিগ বাজেটের এই দুই সিনেমার মাধ্যমেই নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।