ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সহায় ও দুস্থ সহশিল্পীদের জন্য কোরবানির আয়োজন করতেন। তবে গত কয়েক বছর ধরে তিনি এ আয়োজন থেকে দূরে রয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না এই অভিনেত্রী।
তবে এফডিসির সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হোক—এমনটাই প্রত্যাশা পরীমণির। তিনি বলেন, “আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে নিয়মিত সবার সঙ্গে সেখানে কোরবানি করেছি।”
তিনি আরও জানান, “এবার নিয়ে প্রায় চার বছর হলো সেখানে কোরবানি দিচ্ছি না। এর পেছনে নানা কারণ রয়েছে, যা এখন অনেকটাই পরিষ্কার। তবে আমি চাই, আমার সহশিল্পীরা, যাদের অনেকেই আর্থিকভাবে অসচ্ছল, তারা যেন ঈদের আনন্দ নিতে পারেন। আমি থাকি বা না থাকি, তাদের আনন্দটা যেন অটুট থাকে।”
জানা গেছে, এবার তিনি নিজ গ্রামের বাড়িতে গিয়ে কোরবানি দেবেন। এ বিষয়ে পরীমণি বলেন, “আমার নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ করি এবং নিজের হাতে কোরবানির মাংস সবার মাঝে বিলিয়ে দিই। প্রায় আট–নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “পরবর্তীতে মনে হয়েছে, এফডিসির দায়িত্বটা অন্য কেউ সামলাচ্ছে বলেই আমি দায়িত্ব হস্তান্তর করতে পেরেছি। এরপর থেকেই আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছি।”