বাংলাদেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা মারজিয়া কবীর সনিকা, যিনি ডিজে সনিকা নামেই বেশি পরিচিত, হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৮ মে) রাতে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে ভক্তদের কাছে তার অসুস্থতার খবর জানান।
পোস্টের ক্যাপশনে সনিকা লেখেন, “আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।” সঙ্গে তিনি একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন।
এর আগে, সম্প্রতি হেপাটাইটিস এ ও ই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।
উল্লেখ্য, ২০০৭ সালে ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন সনিকা। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা অর্জন করেন। পরবর্তীতে ২০১৪ সালে তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’ প্রকাশ করেন।
এছাড়া, ২০১৫ সালে তিনি ছোট পর্দাতেও কাজ করেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘লাস্ট সিকোয়েন্স’ এবং ‘থ্রিপল এফ’।