বহুল আলোচিত ২০২৬–২০২৮ মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে। ওইদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
গত সোমবার (১৮ মে) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে নির্বাচনের এ তারিখ চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন সমিতির বর্তমান সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর।
তিনি বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই তারা অবস্থান নিয়েছেন এবং মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, আসন্ন নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অংশ নেবেন চিত্রনায়ক বাপ্পারাজ ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবা শানু ও জয় চৌধুরী।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই নতুন নির্বাচনের তারিখ নিয়ে শিল্পী মহলে নানা আলোচনা চলছিল।