আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘বনলতা সেন’। সম্প্রতি ছবিটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে সিনেমার বিভিন্ন চরিত্রের আভাস ফুটে উঠেছে।
প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে— “আমরা যাইনি মরে আজও—তবু কেবলি দৃশ্যের জন্ম হয়!”
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এ সিনেমাটি মূলত বাংলা সাহিত্যের বহুল আলোচিত কবিতা ‘বনলতা সেন’ থেকে অনুপ্রাণিত। জানা গেছে, চলচ্চিত্রটিতে ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কিছু কাল্পনিক চরিত্রও রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, আগামীকাল (১৯ মে) ছবিটির টিজার প্রকাশ করা হবে। এরপর পর্যায়ক্রমে গানসহ অন্যান্য প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কবি জীবনানন্দ দাশের লেখা ‘বনলতা সেন’ কবিতাটি প্রথম ১৯৩৫ সালে প্রকাশিত হয় এবং পরে ১৯৪২ সালে কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২১–২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটি প্রযোজনা করছে রেড অক্টোবর।