দীর্ঘ বিরতির পর আবারও নতুন সংগীত আয়োজন নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা-র চতুর্থ সিজন। জানা গেছে, ইতোমধ্যে একটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, কোক স্টুডিও বাংলার পরিচিত সেটে দুইজন শিল্পী গান পরিবেশন করছেন। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় একটি গানের শুটিং অনুষ্ঠিত হয়েছে। ধাপে ধাপে বাকি গানগুলোর দৃশ্যধারণও করা হবে।
তবে নতুন সিজনে কারা থাকছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংশ্লিষ্টদের মতে, খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, কোক স্টুডিও বাংলা-র যাত্রা শুরু হয় ২০২২ সালে। তখন দেশীয় লোকগান ও আধুনিক সুরের সংমিশ্রণে মোট ১০টি গান প্রকাশিত হয়, যা অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পায়।
এরপর ২০২৩ সালে শুরু হয় দ্বিতীয় সিজন, যেখানে মোট ১২টি গান প্রকাশ পায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুর্শিদ, কথা কইয়ো না এবং দিল খুশ।
সর্বশেষ তৃতীয় সিজন চলে ২০২৪–২০২৫ পর্যন্ত, যেখানে ১১টি গান প্রকাশিত হয়। এর মধ্যে মা লো মা, তাঁতি ও সোনার ময়না গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।