আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘রঙবাজার’ সিনেমাটি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। ঈদের পর বড় আয়োজনে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পুরো এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত নির্মাতাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে।
জানা গেছে, চলতি মাসের শুরুতেই সিনেমাটির পূর্ণাঙ্গ কপি বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অনলাইন থেকে এটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা পুরোপুরি সফল হয়নি।
এ বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ জানান, সিনেমা ফাঁস হওয়ার কারণে প্রযোজকের সিদ্ধান্ত অনুযায়ী এটি দ্রুত ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘রঙবাজার’ নির্মিত হয়েছে প্রায় ৪০০ বছর পুরোনো একটি যৌনপল্লি এক রাতে গুঁড়িয়ে দেওয়ার বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। সিনেমাটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।
তামজিদ অতুলের গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ‘রঙবাজার’ প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।