কোরবানি ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছে বহুল আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস। আগামী ২৪ মে থেকে প্ল্যাটফর্মটিতে সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটি ওটিটিতে মুক্তির পরিকল্পনা আগে থেকেই ছিল। টানা দুই মাস প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর এবার দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
জানা যায়, গত শুক্রবারও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে সিনেমাটি প্রায় ২৪ লাখ টাকা আয় করেছে। সব মিলিয়ে দেশি-বিদেশি বাজারে সিনেমাটির মোট আয় ২০ কোটি টাকা ছাড়িয়েছে।
বনলতা এক্সপ্রেস নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।
সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।
উল্লেখ্য, এর আগে সিনেমাটি ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যা দেশ-বিদেশের দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়।