দীর্ঘ ১৫ বছর পর জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন খ্যাতনামা নির্মাতা পিটার জ্যাকসন।
কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ’অর গ্রহণের সময় তিনি এ ঘোষণা দেন বলে জানা যায়।
পিটার জ্যাকসন জানান, নতুন টিনটিন সিনেমার চিত্রনাট্য লেখার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে কাস্টিং চূড়ান্ত না হলেও তিনি আশা প্রকাশ করেন, আগের সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা জেমি বেল এবং অ্যান্ডি সার্কিস এবারও যথাক্রমে টিনটিন ও ক্যাপ্টেন হ্যাডক চরিত্রে ফিরবেন।
উল্লেখ্য, টিনটিন বিশ্বখ্যাত বেলজিয়ান কার্টুনিস্ট হার্জের সৃষ্ট জনপ্রিয় কমিক সিরিজ, যা প্রথম প্রকাশিত হয় ১৯২৯ সালে। পরে ২০১১ সালে স্টিভেন স্পিলবার্গ ও পিটার জ্যাকসনের যৌথ প্রযোজনায় মুক্তি পায় দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন চলচ্চিত্রটি, যেখানে কণ্ঠ ও পারফরম্যান্স ক্যাপচার প্রযুক্তিতে অভিনয় করেন জেমি বেল ও অ্যান্ডি সার্কিস।