জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মরদেহ আজ দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।
তিনি জানান, রোববার (১৭ মে ) বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কারিনার মরদেহ ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দর থেকে মরদেহ বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
পরে এশার নামাজের আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ মে ) বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে তাকে দাফন করা হবে।
শারীরিক সংক্রমণ ও বিভিন্ন জটিলতার কারণে গত ৯ মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কারিনাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার অবনতি হলে ১১ মে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে তিনি মারা যান।
১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করা কারিনা কায়সার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও ‘৩৬-২৪-৩৬’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। এছাড়া সম্প্রতি তিনি চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন।