ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শুক্রবার (১৫ মে) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া।
কারিনার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার বাবা কায়সার হামিদ। শোকবার্তায় তিনি জানান, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার প্রিয় কন্যা সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।
তিনি আরও লেখেন, জীবদ্দশায় কারিনা যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে সবাই যেন তাকে ক্ষমা করে দেন। পাশাপাশি এই কঠিন সময়ে যারা পরিবারের পাশে ছিলেন, দোয়া ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। মেয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান কায়সার হামিদ।
কারিনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা। অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মান, নুসরাত ফারিয়া, চিত্রনায়িকা তমা মির্জা এবং উপস্থাপিকা দীপ্তি চৌধুরী-সহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় শোক জানিয়েছেন।
এদিকে, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেন। তিনি লেখেন, কারিনা তাকে ফোন করে একসঙ্গে সিনেমা দেখা ও ঘুরতে যাওয়ার কথা বলেছিলেন। সেই কথাগুলো এখনো তার কানে বাজছে বলে উল্লেখ করেন দীঘি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন কারিনা কায়সার। পরে তার শরীরে গুরুতর সংক্রমণ দেখা দেয়। পাশাপাশি হেপাটাইটিস ও ফ্যাটি লিভারজনিত জটিলতা তৈরি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।