আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা অভিনীত বিশেষ নাটক ‘মায়াপাখি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
নাটকের গল্পে দেখা যাবে, মায়া নামের এক সহজ-সরল মেয়েকে, যার ব্যক্তিত্বে রয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাসের নায়িকাদের ছোঁয়া। কপালে টিপ, চোখে কাজল আর বেনী করা চুলে তার সাদামাটা সৌন্দর্য সহজেই মুগ্ধ করে সাদাতকে। একসময় তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কে দেখা দেয় নানা জটিলতা ও টানাপোড়েন।
নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, এবারের গল্পটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে। সম্পর্কের নানা আবেগ, দ্বন্দ্ব ও অনুভূতির মধ্য দিয়ে নাটকটি এগোবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নাটকটি নিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, “গল্পের আবেগঘন মুহূর্তগুলো দর্শকের মনে দীর্ঘসময় দাগ কেটে থাকবে।”
অন্যদিকে অভিনেত্রী নাজনীন নাহার নীহা জানান, এটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং একটি কাজ ছিল। এই নাটকের মাধ্যমে দর্শক তাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে পাবেন বলেও মন্তব্য করেন তিনি।
অপূর্ব ও নীহার পাশাপাশি নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। সবকিছু ঠিক থাকলে, আগামী ঈদুল আজহায় সিএমভি’র ব্যানারে নাটকটি প্রকাশিত হবে।