বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি কড়া বার্তা দিয়েছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে সনু লিখেন, “কেন মার খাওয়ার মতো কাজ করেন? এবার বাঁচিয়ে দিলাম, প্রত্যেকবার তো বাঁচাতে পারব না।”
এই বার্তার পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে—কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন এই জনপ্রিয় গায়ক?
ঘটনার সূত্রে জানা যায়, ভারতের কোলাপুরে এক মঞ্চানুষ্ঠানে গান পরিবেশন করছিলেন সনু নিগম। পারফরম্যান্স চলাকালীন হঠাৎ এক অনুরাগী মঞ্চে উঠে পড়েন এবং জোর করে তার পা ছুঁতে যান। এতে গান থামিয়ে দেন সনু নিগম।
পরিস্থিতি সামাল দিতে পরে তিনি ওই ভক্তকে মঞ্চে ডেকে নেন। নিরাপত্তারক্ষীরা যখন তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তখন সনু নিজেই তাদের বাধা দেন। এরপর তিনি ওই ভক্তকে গান গাওয়ার সুযোগও করে দেন।
সেই সময় ওই যুবক সনুর সঙ্গে মঞ্চে গেয়ে ওঠেন জনপ্রিয় গান “তু নে তো, পল ভর মে, চোরি কিয়া রে জিয়া”।
ঘটনাটি ইতিবাচকভাবে শেষ হলেও, মঞ্চে এমন আচরণ নিয়ে সনু নিগমের কঠোর বার্তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।